ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ‘অতিরঞ্জিত’ গাভির শাস্তি নিয়েও প্রশ্ন পারাদেসের

অনলাইন ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের পর স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে সংঘাতের ঘটনায় ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিওনেল পারাদেস। ফিফার দেওয়া এই শাস্তিকে ‘অতিরিক্ত’ ও ‘অতিরঞ্জিত’ বলে মন্তব্য করেছেন তিনি। একই ঘটনায় স্পেনের গাভিকে মাত্র এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টিও প্রশ্ন তুলেছেন পারাদেস।
আপিলের মাধ্যমে নিষেধাজ্ঞার মেয়াদ কমানো সম্ভব বলে আশাবাদী পারাদেস। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলেই স্পেন বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করলেও ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠে সংঘাতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। ওই ঘটনার পর্যালোচনা করে সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফিফার শৃঙ্খলা কমিটি।
সপ্তাহান্তে বোকা জুনিয়র্সের হয়ে ম্যাচ শেষে এই শাস্তির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পারাদেস।
তিনি জানান, স্পেনের তরুণ তুর্কি গাভিই প্রথম তাকে সজোরে ঘুষি মারেন, অথচ সেই গাভি পেয়েছেন মাত্র ১ ম্যাচের সাজা! গোল ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় পারাদেস বলেন, ‘এই শাস্তি একেবারেই অতিরঞ্জিত মনে হচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, গাভি আমার বুকে এসে ঘুষি মারল অথচ ও পেয়েছে মাত্র এক ম্যাচের নিষেধাজ্ঞা! তবে ঠিক আছে, যা হওয়ার হয়েছে। এখন আমাদের কাজ হলো শাস্তির বিরুদ্ধে আপিল করা। যারা এই আইনি বিষয়গুলো ভালো বোঝেন, তারা দেখবেন শাস্তি প্রত্যাহার বা কমানো যায় কি না।
কেবল খেলোয়াড়রাই নন, বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনও (এএফএ)। খেলাধুলাবহির্ভূত আচরণ, মাঠে বিশৃঙ্খলা, সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক স্লোগান এবং নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় এএফএকে ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা। সেই সঙ্গে আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচে দর্শকসংখ্যা ৫০ শতাংশে সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার অর্থ থেকে ১ লাখ ডলার বর্ণবাদবিরোধী কার্যক্রমে ব্যয়ের নির্দেশও দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থাটি।
এদিকে বিশ্বকাপের থমথমে পরিস্থিতির ঘটনার বিস্তারিত প্রতিবেদন দেখে অভিযুক্ত অন্যদের ওপরও নেমে এসেছে শাস্তির খড়গ। পারাদেসকে ১০ ম্যাচের পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। তার সতীর্থ নাহুয়েল মলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। অন্যদিকে তরুণ ফরোয়ার্ড থিয়াগো আলমাদাকে ১ ম্যাচ ও ৩০ হাজার ডলার জরিমানা এবং দলের অফিসিয়াল রবের্তো আয়ালাকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বিপরীতে স্পেনের তরুণ তারকা গাভিকে ১ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।
ফিফা নিয়মানুযায়ী, জাতীয় দলের হয়ে পরবর্তী ম্যাচগুলোতে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দলগুলোর হাতে ১০ দিন সময় রয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।




