ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে নদীবন্দরগুলোর জন্য আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে কোনো ধরনের সতর্কসংকেত দেখানোর প্রয়োজন নেই।

গতকাল রাতে প্রকাশিত দেশের সামগ্রিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও প্রায় একই রকম থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে। আর শুক্রবার সূর্য উঠবে ভোর ৫টা ৩৯ মিনিটে।

Related Articles

Back to top button