কক্সবাজার থেকে ঢাকায় নেওয়ার পথে ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ

অনলাইন ডেস্ক: কক্সবাজার থেকে একটি প্রাডো গাড়িতে করে রাজধানীতে নিয়ে যাওয়ার পথে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) ও একই এলাকার গাড়ি চালক আমান উল্লাহ (৩৫)।
জেলা ডিবি পুলিশের ওসি শামছুল আলম শাহ সাংবাদিকদের বলেন, কক্সবাজার থেকে একটি প্রাডো গাড়িতে করে ইয়াবার একটি বড় চালান ঢাকায় যাচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় ডিবির একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের সন্দেহভাজন একটি প্রাডো গাড়ি থামিয়ে এতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে থাকা একটি লাগেজের সন্ধান পান ডিবি সদস্যরা। পরে লাগেজটি খুলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার সংখ্যা প্রায় ৩ লাখ।
এদিকে ইয়াবা জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে এ মহাসড়কে এটাই ইয়াবা উদ্ধারের বড় চালান। এর আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপারের ভাষ্য, এত বড়ো ইয়াবা চালানের সঙ্গে একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র জড়িত আছে। উদ্ধার হওয়া প্রাডো গাড়িটির মালিকানা যাচাই করতে রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যও যাচাই করা হবে। আটকদের জিজ্ঞাসাবাদ করে ইয়াবা চালানের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য নেওয়া হবে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।




