ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করতে ফিফাকে ‘অচল’ করার ছক বিরোধীদের

অনলাইন ডেস্ক: ফিফা সভাপতি পদ থেকে জিয়ান্নি ইনফান্তিনোকে সরাতে জোট গঠন করেছে উয়েফাসহ ফুটবলের প্রভাবশালী কয়েকটি কনফেডারেশন। ইনফান্তিনো স্বেচ্ছায় পদ না ছাড়লে ‘ফিফাকে অচল’ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে তারা।
সম্প্রতি ইনফান্তিনো বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন। তবে তীব্র সমালোচনার মুখে সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বেড়েছে। এখন তিনি পুরোনো মিত্রদের সমর্থন ধরে রাখার চেষ্টা করলেও পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, উয়েফা, কনক্যাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের নেতারা ইনফান্তিনোকে সরাতে দৃঢ়প্রতিজ্ঞ। আগামী মার্চে তিনি যদি চতুর্থ মেয়াদের জন্য আবারও নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে তাকে ঠেকাতে বিভিন্ন কৌশল এরই মধ্যে ঠিক করা হয়েছে।
ইনফান্তিনোর বিরোধীরা ‘গভর্ন্যান্স বয়কট’ বা প্রশাসনিকভাবে বর্জনের পরিকল্পনাও করেছে। এর আওতায় তারা ফিফা কাউন্সিল ও বিভিন্ন কমিটির বৈঠকে অংশ নেবে না এবং ফিফার সিদ্ধান্ত অনুমোদনেও অস্বীকৃতি জানাবে। প্রয়োজন হলে তারা বিকল্প আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতেও প্রস্তুত। জানা গেছে, ২০১৭ সালে উয়েফা একটি বৈশ্বিক নেশনস লিগ আয়োজনের পরিকল্পনা তৈরি করেছিল, যা এত দিন বাস্তবায়ন করা হয়নি।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ‘দ্য টাইমস’-কে বলেছে, ‘সবাই একমত যে তার সরে যাওয়া উচিত। তিনি যদি না যান, তাহলে তাকে সরাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়টিও এর মধ্যে রয়েছে। দক্ষিণ আমেরিকার বড় দলগুলো কি ফ্রান্স বা স্পেনের বিপক্ষে খেলতে চাইবে, নাকি লেবানন কিংবা জিবুতির বিপক্ষে?’
জানা গেছে, বেশ কিছু দেশ ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। এখন পর্যন্ত কেবল ১৫ দেশের সমর্থন পেয়েছেন তিনি। অথচ সপ্তাহখানেক আগেও মার্চের পুনঃনির্বাচনে দাঁড়াতে ৫৬ বছর বয়সী ২১১ ফিফা সদস্যের প্রায় সবার সমর্থন পেয়েছিলেন। জিততে তার ১০৬ ভোটের দরকার ছিল।




