গাইবেন অপূর্ব, টিকিটের দাম ৩৭ হাজার টাকা

অনলাইন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গানও করেন। বেশ কয়েকটি টেলিভিশন নাটকে গান গেয়েছেন এই অভিনেতা। এবার একক কনসার্টে একটানা গান পরিবেশন করতে দেখা যাবে তাকে। 

নিজের পছন্দের শিল্পীদের শ্রোতানন্দিত ১০টি গানের পাশাপাশি নিজের গাওয়া নাটকের গানও থাকবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্টে। 

জানা যায়, গায়ক হিসেবে আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের মঞ্চে উঠতে যাচ্ছেন তিনি। নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানের আয়োজক ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট। অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টা গানে গানে দর্শকদের মাতাবেন অপূর্ব।

May be an image of text that says

এদিকে কনসার্ট ঘোষণার পর দর্শকদের সাড়া পেয়ে আবেগাপ্লুত অপূর্ব সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সত্যি বলতে, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এত অভাবনীয় ও অবিশ্বাস্য সাড়া পাব, কখনো কল্পনাও করিনি। এত ভালোবাসা দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা আমার জন্য আরও বেশি বিশেষ হয়ে উঠেছে।’

একক সংগীত প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে একটি গণ মাধ্যমকে বলেন, অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের। বিভিন্ন সময় বন্ধুদের আড্ডায় গান গেয়েছি। অনেক ঘরোয়া আয়োজনেও গান গাইতে হয়েছে। আমার অভিনীত বেশ কয়েকটি নাটকে আমার কণ্ঠে গান রয়েছে। আমেরিকার এই আয়োজনে পরিপূর্ণ সম্মান দিয়ে আমাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখানে আমার পছন্দের শিল্পীদের গানগুলো গাওয়ার চেষ্টা করব। মাঝে হয়তো নিজের গাওয়া নাটকের একটি গানও গাইব।

তিনি আরও বলেন, যারা এই একক কনসার্টের আয়োজন করেছে, তারা আগামীতে অন্য শিল্পীদেরও প্রাপ্য সম্মান দিয়ে গান গাওয়াবে বলে বিশ্বাস করি। দারুণ একটা আয়োজনে আমাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার পরে যারা এখানে গান করবেন, তাদের জন্যও এটা ভালো কিছু হবে বলে আশা করছি।

জানা যায়, অনুষ্ঠানের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ ডলার ও ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা। আয়োজকদের ভাষ্য, আসনসংখ্যা সীমিত।

জানা যায়, কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার অভিনীত সর্বশেষ ‘হেডলাইন’ ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে। এতে সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ছোটবেলায় স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন। সেই সময় গানেরও চর্চা করতেন। একসময় চেয়েছিলেন গান করতে। কিন্তু ভাগ্য তাকে নিয়ে আসে অভিনয়ের জগতে। এরপর দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। জীবনে যেমন পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা, তেমনি ব্যক্তিগত জীবনে পেরিয়েছেন কঠিন সময়ও। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানকে সময় দিচ্ছেন।

Related Articles

Back to top button