বান্দরবানে মালিকবিহীন ১০টি গরু নেওয়া হলো থানায়

অনলাইন ডেস্ক: বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় মালিকবিহীন ১০টি বার্মিজ গরু জব্দ করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক।
এর আগে রোববার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিচামারা এলাকা থেকে এসব গরু আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার রাত্রীকালীন মোবাইল টহল ডিউটিতে নিয়োজিত উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল পরিচালনার সময় ভোর আনুমানিক ৩টার দিকে বিচামারা এলাকায় সন্দেহজনক অবস্থায় মালিকবিহীন ১০টি বার্মিজ গরু দেখতে পান। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়। তবে ঘটনাস্থলে গরুগুলোর কোনো মালিক বা দাবিদারকে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ১০টি বার্মিজ গরু বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি গরুগুলোর প্রকৃত মালিকানা ও সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের সঙ্গে কোনো চক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
পুলিশের দাবি, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করার ফলে অবৈধভাবে গবাদিপশু পাচারের নানা প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, নিয়মিত রাত্রীকালীন টহলের অংশ হিসেবে পুলিশ বিচামারা এলাকা থেকে ১০টি মালিকবিহীন বার্মিজ গরু উদ্ধার করেছে। গরুগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক



