আমি বুড়ি হইনি, জীবনটাকে উদযাপন করছি: অপরাজিতা আঢ্য

অনলাইন ডেস্ক: বয়স বাড়লেই একজন নারীকে ‘বুড়ি’ তকমা দেওয়ার সামাজিক মানসিকতার তীব্র সমালোচনা করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, বয়স কোনো নারীর সম্ভাবনা বা সৌন্দর্যের শেষ নয়; বরং এটি পরিণত হওয়ার আর নিজেকে আরও গভীরভাবে ভালোবাসার সময়।
পর্দায় প্রাণবন্ত অভিনয় আর হাস্যোজ্জ্বল উপস্থিতির জন্য পরিচিত অপরাজিতা আঢ্য বাস্তব জীবনেও নিজের স্পষ্ট মতামতের জন্য সমান পরিচিত। সম্প্রতি চল্লিশোর্ধ্ব নারীদের জীবনধারা ও বয়স নিয়ে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন তিনি।
পোস্টে বয়সকে কেবল একটি সংখ্যা হিসেবে উল্লেখ করে অভিনেত্রী লেখেন, সময়ের সঙ্গে একজন নারী আরও পরিণত ও গভীর হয়ে ওঠেন। একই সঙ্গে নিজের প্রতি ভালোবাসাও বেড়ে যায়।
নিজের পরিবর্তনের কথা তুলে ধরে তিনি লেখেন, ‘আমি তো সেই মানুষ, শুধু অভিজ্ঞতা একটু বেশি, হাসিটা একটু গভীর, কান্নাটা একটু চুপচাপ, আর নিজেকে ভালোবাসাটা আগের চেয়ে অনেক বেশি।’
জীবনের বিভিন্ন পর্যায়কে রূপকের মাধ্যমে ব্যাখ্যা করে অপরাজিতা আরও লেখেন, ‘কুড়িতে ছিলাম কুঁড়ি, ত্রিশে হয়েছি নদী, আর চল্লিশে এসে বুঝেছি— আমি আসলে সমুদ্র! আমার ঢেউ আছে, আমার গভীরতা আছে, আমার ঝড় আছে, আর আছে নিজের মতো বাঁচার সাহস।’
নারীদের বয়স নিয়ে সমাজে প্রচলিত নেতিবাচক ধারণার সমালোচনা করে অভিনেত্রী বলেন, বয়স বাড়া কোনো অপরাধ নয়। প্রকৃত সমস্যা হলো একজন নারীর বয়স দেখে তার প্রাণশক্তি, স্বপ্ন ও জীবন উপভোগের অধিকারকে সীমাবদ্ধ করে দেওয়ার প্রবণতা।
তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। বহু নারী পোস্টটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মন্তব্য করেন, বয়স নয়, আত্মবিশ্বাস ও জীবনবোধই একজন মানুষকে সংজ্ঞায়িত করে।
পোস্টের শেষাংশে অপরাজিতা আঢ্য আত্মবিশ্বাসের সঙ্গে লেখেন, ‘আমি বুড়ি নই, আমি পরিণত। আমি শেষ নই, আমি পূর্ণ। আর যদি লাল শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, হেসে একটা ছবি তুলি, তাহলে জেনে রেখো— আমি বুড়ি হইনি, আমি জীবনটাকে উদযাপন করছি। কারণ নারী বুড়ি হয় না, নারী শুধু প্রতি বছর আরও একটু গল্প হয়ে ওঠে।’



