‘এখানেই শেষ নয়’ মাইকেল জ্যাকসনের বায়োপিকের সিক্যুয়েল

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে কিংবদন্তি পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাইকেল’। মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে সিনেমাটি। যদিও মাইকেলের আলো ঝলমলে জীবন সিনেমায় তুলে ধরলেও তার অন্ধকার দিকগুলো সেভাবে দেখানো হয়নি বলে অনেকেরই আফসোস রয়েছে। 

তবে এই গল্প এখানেই শেষ হচ্ছে না। 

লায়ন্সগেট স্টুডিওর প্রধান অ্যাডাম ফোগেলসন সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, পপ সম্রাটের জীবনের পূর্ণাঙ্গ আখ্যান তুলে ধরতে অন্তত আরও একটি সিনেমার প্রয়োজন হতে পারে।

সদ্য মুক্তি পাওয়া ‘মাইকেল’ চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেললেও সমালোচকদের একটি বড় অংশ অসন্তুষ্ট। অভিযোগ উঠেছে, গায়কের বিরুদ্ধে ওঠা শিশু নির্যাতনের বিতর্কিত বিষয়গুলো এই সিনেমায় এড়িয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, পরিচালক অ্যান্টনি ফুকো মূলত নেভারল্যান্ডে পুলিশের অভিযানসহ বিতর্কিত ঘটনাগুলোর দৃশ্য ধারণ করেছিলেন। কিন্তু একজন অভিযোগকারীর সঙ্গে আইনি জটিলতার কারণে সেই দৃশ্যগুলো শেষ মুহূর্তে বাদ দিতে হয়। এর ফলে স্টুডিওকে মোটা অংকের অর্থ খরচ করে পুনরায় শুটিং করতে হয়েছে। 

সংশ্লিষ্টদের মতে, বাদ পড়া এই ফুটেজগুলো এবং নতুন করে ভাবা কিছু অংশ একটি সম্ভাব্য সিক্যুয়েলে স্থান পেতে পারে।

পরিচালক অ্যান্টনি ফুকো নিশ্চিত করেছেন, তার কাছে এমন প্রচুর ধারণকৃত উপাদান রয়েছে যা পরবর্তী সিনেমার জন্য উপযুক্ত। তবে তিনি বিষয়টিকে নিছক নাটকীয়তায় রূপ দিতে চান না। 

ফুকো বলেন, ‘আমি মাইকেলকে কেবল একজন অতিমানবীয় তারকা নয়, বরং একজন মানুষ হিসেবে বড় পর্দায় ফুটিয়ে তুলতে চাই।’

ছবিটি নিয়ে নানা বিতর্ক থাকলেও সাধারণ দর্শকদের মধ্যে এর জনপ্রিয়তা আকাশচুম্বী। শুক্রবার (২৪ এপ্রিল) মুক্তির শুরু থেকেই বক্স অফিসে অভাবনীয় সাফল্য দেখাচ্ছে ‘মাইকেল’। এই বাণিজ্যিক সাফল্যই মূলত নির্মাতাদের সিক্যুয়েল তৈরির পরিকল্পনাকে আরও জোরালো করেছে।

সূত্র: জিও নিউজ 

Related Articles

Back to top button