যুবদল নেতা নয়নের হুঁশিয়ারি

‘গুপ্তদের বলছি— হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবো’
অনলাইন ডেস্ক: অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। গতকাল বুধবার (১৭ জুন) বিকেলে রাজধানীর পল্টন থেকে শুরু হয়ে শাহবাগ মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন হুঁশিয়ারি দিয়ে বলেন, গুপ্ত রাজনীতির নেতাকর্মী ও তাদের পৃষ্ঠপোষকদের বলতে চাই, আমরা হাসিনা বাহিনীকে তাড়িয়েছি। প্রয়োজনে এবং জাতির স্বার্থে দক্ষিণ যুবদল কিন্তু আবার বাঁশের লাঠি হাতে নিতে দ্বিধা করবে না।
মিছিলে যুবদলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। সমাবেশে যুবদল সভাপতি আব্দুর মোনায়েম মুন্না বলেন, তাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হলে যুবদল আর ধৈর্যের পরিচয় দেবে না। তিনি আরও বলেন, তারা বসে থাকবেন না এবং সাংগঠনিকভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবেন।
একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীকে সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।




