ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা, দল থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক: ঢাকার সাভারে ইয়াবাসহ সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ওই নেতার নাম তাইসির খান (১৮)। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি ইয়াবাসহ তাইসির খানকে হাতেনাতে আটক করা হয়। আটকের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে এক সহযোগীর সঙ্গে মাদক সেবন করতে দেখা যায়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তাইসির খানকে আটক করা হয়। আটকের পর তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে, ইয়াবাসহ আটক হওয়া এবং মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি দলের জ্যেষ্ঠ নেতাকর্মীদের নজরে এলে বিকেলে তাকে সাভার থানা ছাত্রদলের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।




