বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব, বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।  

গতকাল রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের ব্যবস্থার কারণেই তাকে আটক করা সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে রেড নোটিস বা আন্তর্জাতিক পর্যায়ের উদ্যোগও বর্তমান সরকারের সময় যথাযথভাবে নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বেনজীরের গ্রেপ্তার বাংলাদেশের জন্য একটি অর্জন হলেও বিষয়টি নিয়ে অতি উৎসাহ দেখানোর সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না, তা সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, দীর্ঘদিন পর একটি অর্থবহ নির্বাচনের প্রত্যাশা থাকলেও ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। তবে দেশের বৃহত্তর স্বার্থে তারা নির্বাচন মেনে নিয়েছেন।

তিনি আরও দাবি করেন, নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারত।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি দেওয়া হচ্ছে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

Related Articles

Back to top button