১৯ জেলায় ঝড়ের আশঙ্কা, পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকায় তাপমাত্রা কিছুটা কমলেও কয়েকটি জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানান, ঢাকাসহ রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি দেশের বাকি অংশেও বিস্তার লাভ করতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (১২ জুন) থেকে সোমবার (১৫ জুন) পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। এছাড়া বরিশালে ৪৮, মাদারীপুরে ৪৬, ভোলায় ৪৫, ফেনীতে ৩২ এবং ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।




