ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক: সিলেট টেস্টের চতুর্থ দিনে পাহাড়সম লক্ষ্য মাথায় নিয়ে গতকাল চতুর্থ ইনিংস শুরু করেছিল পাকিস্তান । ৪৩৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৬২ রানে ৫ উইকেট হারানোর পর মনে হচ্ছিল, চতুর্থ দিনেই জয় নিয়ে মাঠ ছাড়বে টাইগাররা । তবে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা দুই জন মিলে গড়েন ১৩৪ রানের জুটি । যে জুটি কিছুটা হলেও ভয় ঢুকিয়ে দিয়েছিল টাইগার শিবিরে । তবে শেষ বিকালে তাইজুল সেই ভয় দূর করে এনে দেন স্বস্তি । তীব্র গরমেও এই টাইগার স্পিনারের ঘূর্ণিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন টাইগার সমর্থকরা। ফলে চতুর্থ দিনে টাইগারদের জয় কেবলই সময়ের অপেক্ষা। আজ জয় নিয়ে মাঠ ছাড়লে টেস্ট ক্রিকেটে ঘরের মাটিতে প্রথম বারের মত পাকিস্তানকে সিরিজ হারানোর কীর্তি গড়বে বাংলাদেশ ।
এর আগে দিনের শুরুতে দেখে-শুনে খেলতে থাকেন দুই সফরকারী ওপেনার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজল। পাকিস্তান শিবিরে দিনের শুরুতে সবার আগে আঘাত হানেন নাহিদ রানা । এই স্পিড স্টারের বলে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ৬ রান করে ফিরেন ফজল । ২৭ রানে প্রথম উইকেট হারানোর পর ৪২ রানে আজানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান মিরাজ । এরপর দলের হাল ধরেন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ । এই জুটি থেকে আসে ৯২ রান। বাবর হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে তাইজুলের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। বাবর না পারলেও পাকিস্তান অধিনায়ক তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফ সেঞ্চুরি। যদিও ইনিংস লম্বা করতে ব্যর্থ হন মাসুদ । ৭১ রান করে তাইজুলের বলে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। তবে ষষ্ঠ উইকেটে দলের হাল ভালোভাবে ধরেছিলেন রিজওয়ান সালমান। এই দুই ব্যাটারের জুটিতে আসে ১৬২ রান। তবে দলীয় ৩০০ রানের চেয়ে ৫ রান দূরে থাকতে তাইজুলের বলে বোল্ড হয়ে ফিরেন সালমান।
তাতেই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে সফরকারীরা। এক ওভার পর আবারও বল করতে এসে হাসান আলীকে শূন্য রানে ফিরিয়ে জয়ের পথ আরো সুগম করে দেন এই স্পিনার । তাতে সাজিদ খানকে সঙ্গে নিয়ে ৭৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করেন রিজওয়ান । জয়ের জন্য আজ পঞ্চম দিনে পাকিস্তানের প্রয়োজন ১২১ রান। হাতে আছে তিন উইকেট। টেলএন্ডারদের নিয়ে কতটা পথ পাড়ি দিতে পারেন রিজওয়ান—সেটাই এখন দেখার বিষয়।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট । রিজওয়ান ও সালমানের জুটি যে টাইগার শিবিরে ভয় ধরিয়ে দিয়েছে, সেটা স্বীকার করেছেন তিনি । বলেন, ‘দারুণ দিন গেল, দুই দলই ভালো ক্রিকেট খেলেছে। উইকেট আজও ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল । দারুণ লড়াই হয়েছে, কিছু সময়ে তারা আমাদের ছাড়িয়ে গিয়েছে।’ তবে আজ সফরকারীদের অলআউট করবে টাইগার, গতকাল টেইটের কণ্ঠে ছিল সেই আত্মবিশ্বাসের সুর। বলেন, ‘একটা রোমাঞ্চ কাজ করছিল ডাগআউটে। আমি খুব একটা চিন্তিত ছিলাম না। ওরা ক্লোজ করছিল ম্যাচটা । উইকেটের জন্য উদগ্রীব ছিলাম । কালকে আমরা তাদের অলআউট করব।’
সাম্প্রতিক সময়ে সাদা পোশাকের ক্রিকেটে ভালো করছে বাংলাদেশ। তবে শান্ত, লিটন, নাহিদরা কতটা ভালো করছে, সেটা ভালোভাবে প্রমাণ হবে দেশের বাইরে । যার জন্য সবচেয়ে বড় মঞ্চ হতে পারে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ । এই বিষয়ে টেইট বলেন, ‘বর্তমান টেস্ট দল অনেক ভালো করছে। তবে আসল পরীক্ষা হবে দেশের বাহিরের টেস্টে। আগস্টে অস্ট্রেলিয়ায় খেলা আছে। সাউথ আফ্রিকাতেও চ্যালেঞ্জ আছে।’



