নারায়ণগঞ্জে এবার লুটপাটে আটক ৫ জনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় পাঁচজনকে আটক করার পর সন্ত্রাসীরা পুলিশের ওপর চাপাতি ও রামদা নিয়ে ঝাঁপিয়ে পড়ে হাতকড়াসহ তাদের ছিনিয়ে নিয়ে গেছে।
গতকাল বুধবার (৬ মে) বিকেলে কাশিপুর ইউনিয়নের হাসেম বাগ এলাকায় এই সাহসী হামলার ঘটনা ঘটে। এর মাত্র একদিন আগে মঙ্গলবার একই জেলায় র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনাও ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বুধবার বিকেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সোলায়মানের টিনশেড বাড়িতে হামলা ও লুটপাটের খবর পেয়ে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশিকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ধাওয়া দিয়ে আবদুল্লাহ ও তাঁর এক সহযোগীকে আটক করে হাতকড়া পরায় এবং লুট করা মালামাল বহনে জড়িত আরও তিনজনকে আটক করে। এ সময় পুলিশের আরেকটি দলও ঘটনাস্থলে পৌঁছায়।
এরপরই জনি নামের একজনের নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি ও রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং হাতকড়াসহ আটক পাঁচজনকে ছিনিয়ে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, স্থানীয় ‘জনি গ্রুপ’ নামে পরিচিত সন্ত্রাসীরা বাড়িটি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে লুটপাট করছিল। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভ্যানগাড়িতে থাকা লুট করা মালামালসহ কয়েকজনকে আটক করে। পরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি। তবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগের দিন মঙ্গলবার দুপুরে শহরের দেওভোগ লিচু বাগ এলাকায় র্যাবের একটি গোয়েন্দা দল মাদকের আস্তানার তথ্য সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হয়। ওই হামলায় তিন র্যাব সদস্যকে কুপিয়ে রক্তাক্ত করা হয়।


