আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ শ্রমিকরা

অনলাইন ডেস্ক: ঢাকার আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত আলিফ ম্যানুফ্যাকচারিং পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকদের লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় কয়েকজন পোশাক শ্রমিক লাঠির আঘাতে আহত হয়েছেন।

গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার পরে নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল এলাকায় লাঠিচার্জ ও ধাওয়ার ঘটনা ঘটে। 

এর আগে রাত ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। ফলে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা।

আন্দোলনরত পোশাক শ্রমিকরা জানান, চলতি মাসসহ তিন মাসের বেতন বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ। তবে কয়েক দফায় বেতন দেওয়ার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেননি। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছিল। কিন্তু পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে পোশাক শ্রমিকদের সরিয়ে দেন। এতে কয়েক জন পোশাক শ্রমিক আহত হন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া খুদে বার্তার মাধ্যমে জানান, চলতি মাসসহ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

তবে লাঠিচার্জ ও ধাওয়ার বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দেননি এই পুলিশ কর্মকর্তা। 

Related Articles

Back to top button