ফিফা বিশ্বকাপ ২০২৬

সংকটে টালমাটাল আর্জেন্টিনা ফুটবল
অনলাইন ডেস্ক: ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়ার কারিগর হিসেবে প্রশংসিত হয়েছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া। অখ্যাত লিওনেল স্কালোনিকে কোচের চেয়ারে বসানোর ঝুঁকি নিয়ে তিনি এক সময় ভক্তদের নয়নমণি হয়ে উঠেছিলেন।
কিন্তু আগামী জুন-জুলাইয়ে শুরু হতে যাওয়া বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনের ঠিক দুই মাস আগে সেই তাপিয়াই এখন আর্জেন্টিনার ফুটবল রাজনীতির খলনায়ক। দুর্নীতির তদন্ত, ঘরোয়া লিগের বিতর্কিত সংস্কার এবং নামসর্বস্ব দলের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ আয়োজন করে তিনি এখন দেশবাসীর কাঠগড়ায় দাঁড়িয়েছেন। ৫৮ বছর বয়সী এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধে নেমেছেন আর্জেন্টিনার লিবার্টারিয়ান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
গত মার্চ মাসের শেষ দিকে প্রেসিডেন্ট মিলেইয়ের সরকারের পক্ষ থেকে তাপিয়ার বিরুদ্ধে কর ফাঁকির গুরুতর মামলা দায়ের করা হয়। এর ঠিক কয়েক ঘণ্টা পরেই বুয়েনস আইরেসে মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে মাঠে সম্মাননা নিতে গিয়ে নিজ দেশের দর্শকদের দুয়োধ্বনিতে বিদ্ধ হন এএফএ বস। গত বছরের শেষ দিকে তাপিয়া ও এএফএ কর্মকর্তাদের বিরুদ্ধে ১৩ মিলিয়ন ডলারের সামাজিক নিরাপত্তা কর ফাঁকির অভিযোগে অপরাধ তদন্ত শুরু হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাপিয়ার দুই থেকে ছয় বছরের কারাদণ্ড হতে পারে।
মাঠের বাইরের এই অস্থিরতা থেকে নিজেদের নিরাপদ দূরত্বে রাখার আপ্রাণ চেষ্টা করছেন লিওনেল মেসি ও তার সতীর্থরা। ইন্টার মিয়ামিতে মেসির সতীর্থ রদ্রিগো দি পল সম্প্রতি জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তারা কেবল ফুটবল খেলতে এসেছেন এবং রাজনীতির মারপ্যাঁচ তারা বোঝেন না। দেশের এই উত্তাল পরিস্থিতিতে পুরো জাতিকে একতাবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন এই মিডফিল্ডার।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোতে এখন একটি বিষয় বেশ চর্চিত হচ্ছে, তা হলো তাপিয়া ও মেসির মধ্যকার ক্রমবর্ধমান দূরত্ব। এক সময় প্রতিটি ম্যাচের আগে মেসির সঙ্গে ছবি পোস্ট করা তাপিয়ার অভ্যাসে পরিণত হলেও ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবির আকাল দেখা যাচ্ছে। তাপিয়ার বিরুদ্ধে ভক্তদের ক্ষোভের আরও একটি বড় কারণ হলো ঘরোয়া লিগের মান কমিয়ে দেওয়া। ২০২৪ সালে নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই পুনর্নির্বাচিত হওয়া তাপিয়া সেই মৌসুমে রেলিগেশন বা অবনমন স্থগিত করেন এবং লিগের দল সংখ্যা বাড়িয়ে ৩০টি করেন।
সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে আলবিসেলেস্তেদের বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। এএফএ-র বাণিজ্যিক মুনাফা বাড়াতে আর্জেন্টিনা সম্প্রতি ফিফা র্যাংকিংয়ের তলানির দল যেমন ইন্দোনেশিয়া, পুয়ের্তো রিকো, অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া এবং জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে। বিশ্বকাপের ঠিক আগে জুনে তারা খেলবে হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে, যারা আসন্ন বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। ইউরোপীয় কোনো শক্তির বিপক্ষে লড়াই না করেই শিরোপা রক্ষার মিশনে নামাটা স্কালোনির শিষ্যদের জন্য আত্মঘাতী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




