সিরিজ জেতার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক: মিরপুরের স্লো উইকেটের পর চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে অলিখিত ফাইনাল ম্যাচ উত্তাপ ছড়ানোর অপেক্ষায়। অবশ্য টাইগার পেস বোলিং কোচ শন টেইট উইকেট নিয়ে চিন্তা করছেন না, বরং তিনি যেকোনো অবস্থাতেই জিততে চান ম্যাচ। অপেক্ষা আর কয়েক ঘণ্টা। গত দুই ম্যাচে একটি করে জয় পাওয়া দুই দলই সিরিজ জয়ের জন্য মাঠে নামবে আজ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। খেলাটি শুরু হবে সকাল ১১টা।
সিরিজ জেতার তাড়া বাংলাদেশের। পরামর্শ অনেক থাকতে পারে। তবে ফিল সিমন্স নিশ্চয় সাগরিকায় তার শিষ্যদের জয়ের মন্ত্রই শিখিয়ে দিচ্ছেন। চট্টগ্রামে সর্বশেষ ওয়ানডে সিরিজে জিতেছিল বাংলাদেশ। গত বছর এই মাঠে নিয়মিত টেস্ট ও টি-টোয়েন্টি হলেও ৫০ ওভারের ক্রিকেট ফিরছে দুই বছর পর। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর গত দুই বছর চট্টগ্রামে ৫০ ওভারের ক্রিকেট আর খেলা হয়নি মিরাজদের। গত ডিসেম্বর-জানুয়ারিতে এই ভেন্যুতে বিপিএলের ম্যাচ না হওয়ায় বেশ ভালোই একটা বিরতির পর ক্রিকেট-উৎসব ফিরছে চট্টগ্রামে। যখন ফিরছে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি চট্টগ্রামেরই সন্তান তামিম ইকবাল।
বাংলাদেশের সিরিজ জয় হতে পারে বিসিবি সভাপতি তামিমের কাছে দারুণ এক উপহার। কিন্তু সেই উপহার পেতে বৈশাখের দাবদাহে স্বাগতিকদের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এসেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে যেভাবে বাংলাদেশকে হারিয়েছে নিউজিল্যান্ড, তাতে কাঠগড়ায় উঠেছিল বাংলাদেশের ব্যাটিং বিভাগ। তবে পরের ম্যাচে নাহিদ রানার আগুন ঝরানো বোলিংয়ে কিউই ব্যাটাররা খুব একটা সুবিধা করেতে পারেনি। দারুণ ছন্দে থাকা তানজিদ হাসান তামিমের ব্যাটিংয়ে বাংলাদেশ অনায়াস এক জয় পেলেও আলোচনায় আসলে রানা। যদিও দীর্ঘ ১৩ ইনিংস পর ফিফটি পেয়েছিলেন শান্তও।
তরুণ এক্সপ্রেস বোলার নাহিদ রানা মুগ্ধ করে চলেছেন নিয়মিত তার গতির ঝড় আর নিয়ন্ত্রিত বোলিংয়ে। বাংলাদেশের মতো কন্ডিশনে তীব্র গরমে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির বোলিংয়ে একজন বাংলাদেশি ফাস্ট বোলার তছনছ করে দিচ্ছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ এ শুধু বিরল দৃশ্যই নয়, চোখেরও চরম প্রশান্তি। মাঠের বাইরে লাজুক হাসি, কথাও বলেন কম। সেই রানা গতির ঝড়, আগুনে বাউন্সার, ভয়ংকর ইয়র্কার আর নিয়ন্ত্রণে নিয়মিত পরীক্ষা নেন প্রতিপক্ষের ব্যাটারদের। ফিট থাকতে পারলে বাংলাদেশ ক্রিকেটকে বড় স্বপ্ন দেখাতে পারেন ‘চাঁপাই এক্সপ্রেস’। ভালো বোলিংয়ের পুরস্কারও পাচ্ছেন তিনি র্যাঙ্কিংয়ে। বোলিং কোচ শন টেইট তো তার বোলিং দেখে ওয়াসিম আকরামের কথা মনে করেছেন।
গতকাল আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন নাহিদ রানা। ১০ ম্যাচ খেলা এই পেসার ৬৪তম অবস্থানে উঠে এসেছেন। ব্যক্তিগত এই সাফল্যের সঙ্গে দলীয় সাফল্য যোগ হলে তবেই না দারুণ খেলার সার্থকতা। ২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে হলে বাংলাদেশকে এগোতে হবে র্যাঙ্কিংয়ে। আর সে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতাটা খুবই জরুরি। সিরিজ নির্ধারণী ম্যাচে উইকেট ভিন্ন হচ্ছে। মিরপুরে বেশ স্পিনসহায়ক উইকেট খেললেও চট্টগ্রামে নিশ্চিত ফ্ল্যাট উইকেট অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। ফাস্ট বোলিংয়ের জন্য চট্টগ্রাম খুব একটা অনুকূল নয়। চট্টগ্রামে শেষ চারটি ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করা দল হেরেছে। এই পরিসংখ্যান মাথায় রেখে নিশ্চয় টস করতে নামবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশে হালকা পরিবর্তন আসার আভাস মিলছে। একাদশে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান। ওয়ানডে সিরিজ শেষেই পিএসএলে যাওয়ার কথা অভিজ্ঞ বাঁহাতি এই পেসারের।




