ক্রোম ব্রাউজারের এআই মোডে বড় ধরনের পরিবর্তন আনলো গুগল

অনলাইন ডেস্ক: গুগল তাদের ক্রোম ব্রাউজারের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মোডে বড় ধরনের হালনাগাদ উন্মুক্ত করেছে, যার ফলে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আসবে। 

গতকাল সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এই নতুন ফিচারের ফলে অনলাইনে তথ্য অনুসন্ধান ও কেনাকাটার সময় ব্যবহারকারীদের বারবার ট্যাব পরিবর্তন করার ঝামেলা পোহাতে হবে না।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। গুগলের দাবি, এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় অনেক বেশি দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন।

নতুন এই হালনাগাদের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে ‘স্প্লিট-স্ক্রিন’ সুবিধা। এই সুবিধার মাধ্যমে এআই মোডে কাজ করার সময় কোনো লিংকে ক্লিক করলে সেটি আলাদা কোনো ট্যাবে না খুলে বর্তমান পর্দার পাশেই একটি উইন্ডোতে প্রদর্শিত হবে। 

এর ফলে ব্যবহারকারীরা একই পর্দায় ওয়েবসাইট ব্রাউজিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ—উভয় কাজই করতে পারবেন। বারংবার আগের পাতায় ফিরে যাওয়ার প্রয়োজন না থাকায় কাজের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে। বিশেষ করে জটিল কোনো তথ্য তুলনার ক্ষেত্রে এই ফিচারটি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছে গুগল।

এআই মোডে যুক্ত হয়েছে ‘মাল্টি-মোডাল’ অনুসন্ধান সুবিধাও, যা তথ্য খোঁজার প্রক্রিয়াকে আরও আধুনিক করে তুলেছে। এখন থেকে ব্যবহারকারীরা তাঁদের ব্রাউজারে খোলা থাকা ট্যাব, ছবি কিংবা পিডিএফ ফাইল থেকে সরাসরি তথ্য নিয়ে একসঙ্গে অনুসন্ধান চালাতে পারবেন। 

ব্রাউজারের সার্চ বক্সে যুক্ত হওয়া নতুন ‘প্লাস’ মেনুতে ক্লিক করে সাম্প্রতিক ফাইল বা ছবিগুলোকে অনুসন্ধানের অংশ হিসেবে যুক্ত করার সুযোগ থাকছে। এর ফলে একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে যে কোনো জটিল প্রশ্নের সমাধান তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হবে।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণ ও অনুসন্ধানের প্রক্রিয়াকে আরও সাবলীল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের বিষয়বস্তু নিয়ে সরাসরি প্রশ্ন করা এবং উত্তরের সঙ্গে ওয়েবসাইটের তথ্যের তুলনা করা অনেক সহজ হবে। 

মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাকে দৈনন্দিন ব্রাউজিংয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতেই ক্রোম ব্রাউজারে এই পরিবর্তনগুলো আনা হয়েছে। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীদের জন্যও এই সুবিধাগুলো উন্মুক্ত করা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Articles

Back to top button