এবার পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রম সচিব

অনলাইন ডেস্ক: ব্যক্তিগত ও পেশাগত অসদাচরণের গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন মার্কিন শ্রম সচিব লোরি শ্যাভেজ-ডিরেমার। তার বিরুদ্ধে অধস্তন কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, কর্মস্থলে মদ্যপান এবং পরিবারের সদস্যদের মাধ্যমে নারী কর্মীদের যৌন হয়রানির মতো অভিযোগের তদন্ত করছিল সংশ্লিষ্ট দপ্তর। 

লোরি শ্যাভেজ-ডিরেমার হলেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পদত্যাগ করা তৃতীয় ক্যাবিনেট সদস্য। উল্লেখ্য, এই মেয়াদে এ পর্যন্ত বিদায় নেওয়া তিন উচ্চপদস্থ কর্মকর্তাই নারী। এর আগে একই ধারাবাহিকতায় পদত্যাগ করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

সরকারিভাবে জানানো হয়েছে, লোরি শ্যাভেজ-ডিরেমার বেসরকারি খাতে যোগ দেওয়ার জন্য পদ ছাড়ছেন। তবে তার এই বিদায় এমন এক সময়ে এলো যখন তার স্বামী শন ডিরেমারের বিরুদ্ধে দপ্তরের ভেতরেই নারী কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। 

শ্রম সচিব হিসেবে লোরি ডিরেমার আন্তর্জাতিক পর্যায়ে শিশুশ্রম রোধে বরাদ্দকৃত অর্থ বাতিল এবং শ্রমিকদের সুরক্ষাকবচ হিসেবে পরিচিত কয়েক ডজন নীতিমালা শিথিলের কারণে ব্যাপক সমালোচিত ছিলেন। তার পদত্যাগের পর কিথ সন্ডারলিং ভারপ্রাপ্ত শ্রম সচিবের দায়িত্ব পালন করবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Related Articles

Back to top button