চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: চীনের আমন্ত্রণে সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
গতকাল রোববার (১৯ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশ্যে রওনা দেন মির্জা ফখরুল। বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী সচিব ইউনুস আলী।
তিনি জানান, রাত ১০টা ২০ মিনিটে চীন সরকারের আমন্ত্রণে এই সফরে যান বিএনপি মহাসচিব। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে বিদায় জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি ১৯ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)র আমন্ত্রণে চীন সফরে গিয়েছে। প্রতিনিধি দলে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিহউল্লাহসহ অন্যান্য নেতারা রয়েছেন।
সফরকালে চীনের রাজধানী বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধি দলটি। এতে দুই দলের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।




