অধ্যাদেশ আটকে ব্যাংক ডাকাতদের ফেরানোর চেষ্টা হচ্ছে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ স্থগিত বা আটকে দেওয়ার মাধ্যমে ব্যাংক ডাকাতদের আবারও সক্রিয় করার তৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। 

গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর মগবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে অর্থপাচার ও লুটপাটের সংস্কৃতি এখনো বন্ধ হয়নি। অতীতে যেসব কারণে আর্থিক খাতে দুর্নীতি ও অনিয়ম হয়েছে, সেগুলো এখনো বিদ্যমান রয়েছে বলে দাবি করেন তিনি।

ব্যাংক খাতে সংস্কারের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ আটকে দিয়ে একটি চক্রকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে।

জ্বালানি সংকট নিয়েও সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশ বর্তমানে ‘সর্বগ্রাসী ধসের’ মধ্য দিয়ে যাচ্ছে। তার ভাষায়, “সংসদে সব তেল ঢুকে গেছে, তাই বাইরে তেলের সংকট দেখা গেছে।”

সরকারের প্রতি অভিযোগ তুলে তিনি বলেন, সঠিক তথ্য প্রকাশে সরকার ভয় পাচ্ছে। জনগণের কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান তিনি।

Related Articles

Back to top button