‘আম্পায়ারকে মারলে শাস্তি কী’, জানতে চেয়ে নিষিদ্ধ নেপালের ক্রিকেটার

অনলাইন ডেস্ক: ক্রিকেট মাঠে মাঝে মধ্যেই আম্পায়ারের সঙ্গে তর্ক জড়িয়ে শাস্তি পান ক্রিকেটাররা। এবার আম্পায়ারকে মারার হুমকি দিয়ে শাস্তি পেয়েছেন নেপালের কারান কেসি। নেপালের চলমান পিএম কাপে ঘটেছে এমন ঘটনা।
মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করে এই শাস্তি পেয়েছেন কারান। এই অলরাউন্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
শুক্রবার (১০ এপ্রিল) মুখোমুখি হয়েছিল বাগমাতি ও মাধেশ। এই ম্যাচে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানান বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে। আম্পায়ার ও অধিনায়কের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতেও দেখা যায়।
ম্যাচের পর এই ঘটনার একটি ছবি শেয়ার করে ‘ট্রোল ক্রিকেট নেপাল’ নামের একটি মিম পেজ। সেই পোস্টের নিচে কমেন্ট করেন কারান। তিনি লেখেন, ‘কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তখন কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে? এমনিই জিজ্ঞেস করছি। মূলত ক্রিকেটারদের নিরাপত্তা ও জানার জন্য।’
কারানের এই মন্তব্যের প্রতিবাদ জানান নেপালের আম্পায়ার ও স্কোরার অ্যাসোসিয়েশনের সদস্যরা। যা চোখে পড়ে সিএনএনের। ইতোমধ্যেই এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কারান। তারপরও শাস্তি পেতেই হচ্ছে তাকে।




