‘দ্বিমুখী নীতি থাকা ঠিক না, পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না আইসিসি’

অনলাইন ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান। গুঞ্জন রয়েছে এমন সিদ্ধান্তের জন্য আইসিসির কঠোর শাস্তি পেতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানির দাবি, দেশের সরকারের সিদ্ধান্ত মানায় আইসিসি পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না।
গত রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’
এতেই বেঁধে যায় তুলকালাম। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আয়ের দিক থেকে আইসিসির জন্য সবচেয়ে লাভজনক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, এই ম্যাচে মাঠে না গড়ালে ৬ হাজারের বেশি টাকা ক্ষতি হবে।
সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছে, ভারত ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে বড় শাস্তি দিতে পারে আইসিসি। ম্যাচটি না হওয়ার ক্ষতিপূরণ ও জরিমানার দায়ভার পুরোপুরি বহন করতে হতে পারে পিসিবিকে। আইসিসির ‘মেম্বার পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট’ ভঙ্গের অভিযোগে টুর্নামেন্টের পাওনা অর্থ আটকে যাওয়া বা বড় অঙ্কের জরিমানার ঝুঁকিও আছে।
তবে, এহসান মানির মতে সরকারের সিদ্ধান্ত মানছে পিসিবি। তাই তদের কোনো শাস্তি দিতে পারবে না আইসিসি। ভারতীয় সংবাদমাধ্যম ‘স্পোর্টসস্টার’–এর সঙ্গে আলাপচারিতায় আইসিসির সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘পাকিস্তান সরকারি নির্দেশ মানলে, তাদের বিরুদ্ধে শাস্তি আরোপ করা যাবে না। ঠিক এ ভিত্তিতে ভারত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ পাকিস্তানে খেলতে রাজি হয়নি। দ্বৈত মানদণ্ড থাকা ঠিক হবে না। দুঃখজনকভাবে, সমস্যা সমাধানের বদলে আইসিসি কেবল একজন দর্শক হিসেবে সব দেখেছে।’

আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি
২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত আইসিসির চেয়ারম্যানের দায়িত্বে থাকা মানি আরও বলেন, ‘আপনি একটি দেশকে সুযোগ করে দিয়েছেন যেন তারা নিজেদের সরকারকে জড়িত করতে পারে। বিশেষ করে যখন জানা যায় যে পিসিবির চেয়ারম্যান সরকারের একজন বর্তমান মন্ত্রী।’ পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি দেশটির বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।




