আমরা জুলাই সনদ মানি, প্রত্যেকটি দফা সম্মান করি: পার্থ

অনলাইন ডেস্ক: আমরা জুলাই সনদ মানি, প্রত্যেকটি দফা সম্মান করি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে আমরা আগেও যেটা বলেছি এখনও বলছি। জুলাই সনদকে বিরোধী দল থেকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে, আমাদেরকে আর বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা যেন জুলাই সনদের বিরুদ্ধে। আমরা জুলাই সনদকে মানি এবং প্রতিটি দফাকে সম্মান করি।

গতকাল রোববার (১২ এপ্রিল) বিকেলে নিজ বাসভবনে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পার্থ বলেন, ‘আমি আগেও বলেছি জুলাই সনদের স্পিরিটটাকে আমরা ধারণ করব এবং একই সময়ে আমরা সংবিধানকেও রেসপেক্ট করবো। আমরা আমাদের মতো করে করবো। এটি নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীও আশ্বাস দিয়েছেন। এটাকে নিয়ে বিরোধী দল শুধু শুধু এরকম একটা বিভ্রান্তি সৃষ্টি করছে যে, আমরা এটা মানি না বা মানব না এবং প্রতারণা করছি। আমার মনে হয়, প্রতারণা কথাটা অনেক শক্ত, এখান থেকে বিরোধী দলের সরে আসা উচিত।’

নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে আন্দালিভ রহমান পার্থ।

সেতু নির্মাণের কথা জানিয়ে পার্থ বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা হবে। সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ভোলা-বরিশাল সেতু আমাদের অধিকার। ভোলা-বরিশাল সেতু হলে ভোলা অনেক উন্নত হবে। এছাড়া ভোলায় মেডিকেল কলেজ হবে। সেটি ভোলা সদরেই হবে।

ওই অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ ভোলার বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মীসহ সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button