ইটভাটায় কাজ না করায় হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইটভাটায় কাজ না করায় কালু মিয়া নামে এক শ্রমিককে দুই হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে সর্দার ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। নির্যাতিত কালু মিয়া একই উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসুর বাদামতলী এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের মৌলভিরহাট এলাকার স্লুইসগেট এলাকায় ঘটনাটি ঘটে। পরে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) পেটানোর ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় সর্দার ইসমাইল হোসেন দোকানের আঁড়ার সঙ্গে বেঁধে কালু মিয়াকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছেন এবং জোর করে বিভিন্ন কথা বলিয়ে নিচ্ছেন।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়দের দাবি, বছরের শুরুতে ৬ মাসের জন্য ৮০ হাজার টাকায় কালু মিয়াকে ইটভাটায় কাজের জন্য নিয়ে যান ইসমাইল হোসেন। সে অনুযায়ী তিনি চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করছিলেন। কিছুদিন আগে অসুস্থ হয়ে তিনি বাড়িতে ফিরে শ্বশুরবাড়িতে অবস্থান নেন।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে ইসমাইল হোসেনের নেতৃত্বে কয়েকজন তাকে ধরে নিয়ে আসে। পরে ফজুমিয়ারহাট এলাকার একটি অফিসে নিয়ে দুই হাত বেঁধে ঝুলিয়ে মারধর করা হয়। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে পুনরায় কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে জোরপূর্বক সম্মতি নেওয়া হয়।
নির্যাতনের একপর্যায়ে কালু মিয়া অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকে মুচলেকা নিয়ে শ্বশুরবাড়ির জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে। অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযুক্ত ইসমাইল হোসেন ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে বলেন, ‘কালুকে ৮০ হাজার টাকায় ইটভাটায় কাজের জন্য নেওয়া হয়েছিল। কিন্তু সে নিয়মিত কাজ করছিল না। তবে তাকে ঝুলিয়ে রাখলেও তেমন মারধর করা হয়নি, শুধু ভয় দেখানো হয়েছে।’
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’




