নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন

অনলাইন ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে রাসেল (৩০) নামে এক মাদকাসক্ত যুবক।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের তালেবনগর আবাসন প্রকল্পের এক শ’ ব্যারাকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

এলাকাবাসী জানায়, গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফেরিঘাট সংলগ্ন তালেবনগর আবাসন প্রকল্পের এক শ’ ব্যারাকে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করতেন রাসেল। বুধবার বিকেলে তিনি তার স্ত্রী রেহেনার কাছে নেশার জন্য টাকা চান। গৃহকর্মী রেহেনা টাকা না দিয়ে কাজে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল নিজ ঘরে আগুন দেন। পরে বাইরে থেকে ঘরে তালা দিয়ে তিনি পালিয়ে যান। কিছুক্ষণ পর আগুনের শিখা দেখা গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Related Articles

Back to top button