মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পড়ল জলাশয়ে, নিহত ১

অনলাইন ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের জলাশয়ে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৫ জন।
গতকাল সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে দাউদকান্দির রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে ‘বলেশ্বর পরিবহন’ নামের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ জানায়, রাত ১১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি জলাশয়ে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী প্রাণ হারান। আহত ১৫ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে দুর্ঘটনাস্থলে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটছে।
পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটি জলাশয় থেকে তোলার চেষ্টা চলছে এবং উদ্ধার অভিযান শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ ও হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। মহাসড়কের ওই অংশে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ।




