ভেনিসে প্রবেশ ফি চালুর সিদ্ধান্ত ইতালির

অনলাইন ডেস্ক: ইতালির বিশ্ববিখ্যাত পর্যটন নগরী ভেনিসে ক্রমবর্ধমান ‘ওভারট্যুরিজম’ বা পর্যটকদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে শহর প্রশাসন নতুন করে প্রবেশ ফি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। শতাব্দী প্রাচীন এই ভাসমান শহরের পরিবেশ, অবকাঠামো এবং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার ওপর পর্যটকদের যে বিপুল চাপ সৃষ্টি হচ্ছে, তা হ্রাস করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। 

২০২৪ সালে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই প্রক্রিয়াটি এ বছর আরও সুসংহত করা হয়েছে, যেখানে দিনে এসে দিনেই ফিরে যাওয়া পর্যটকদের নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। মূলত শহরের ধারণক্ষমতার বাইরে পর্যটকদের আগমন সীমিত রাখাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছে ভেনিস নগর কর্তৃপক্ষ।

নতুন নিয়ম অনুযায়ী, চলতি বছরের ৩ এপ্রিল থেকে ২৬ জুলাই পর্যন্ত প্রতি শুক্র, শনি ও রবিবারসহ বিশেষ কিছু ছুটির দিনে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ভেনিসে প্রবেশ করলে এই ফি প্রদান করতে হবে। যারা ভ্রমণের অন্তত একদিন আগে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করবেন, তাদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫ ইউরো। তবে ভ্রমণের দিনই তাৎক্ষণিকভাবে পেমেন্ট করলে দ্বিগুণ অর্থাৎ ১০ ইউরো গুণতে হবে। 

এই নিয়ম অমান্য করে ভেনিসে প্রবেশ করলে পর্যটকদের ওপর ৫০ থেকে ৩০০ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে অনলাইনে নিবন্ধন করে একটি কিউআর কোড সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে, যা শহরের প্রবেশপথে যাচাই করা হবে।

তবে এই নতুন নিয়মে বেশ কিছু ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। যারা ভেনিসের বিভিন্ন হোটেলে অবস্থান করবেন, তাদের আলাদা করে এই প্রবেশ ফি দিতে হবে না, কারণ তাঁরা আগে থেকেই হোটেলের মাধ্যমে ‘ট্যুরিস্ট ট্যাক্স’ পরিশোধ করে থাকেন। 

এছাড়া স্থানীয় বাসিন্দা, শহরে কর্মরত চাকরিজীবী, শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ১৪ বছরের নিচে শিশুদের এই ফি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ফি দিতে না হলেও এই বিশেষ শ্রেণির ব্যক্তিদেরও অনলাইনে রেজিস্ট্রেশন করে কিউআর কোড সংগ্রহ করতে হবে। এর ফলে পর্যটকদের প্রকৃত সংখ্যা নিরূপণ করা প্রশাসনের জন্য সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা এই নতুন নিয়ম নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন। তাঁদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইতিমধ্যে অনেক দেশের সঙ্গে বিমান যোগাযোগ বিঘ্নিত হওয়ায় পর্যটক আগমন কমে গেছে। তার ওপর এমন প্রবেশ ফি আরোপ করার ফলে ডে-ট্রিপে আসা পর্যটকদের সংখ্যা আরও হ্রাস পেতে পারে, যা স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে। 

বিশেষ করে পর্যটন মৌসুমের শুরুতে এ ধরনের সিদ্ধান্তে গত বছরের তুলনায় ব্যবসায়িক মুনাফা কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। তবুও শহরের দীর্ঘমেয়াদী সুরক্ষা এবং ঐতিহ্য সংরক্ষণে প্রশাসনের এই সিদ্ধান্তকে অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button