এলপিজি সিলিন্ডারের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ১২ কেজির জন্য ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সরকার নির্ধারিত এই মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করায় গাইবান্ধায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল রোববার (৫ এপ্রিল) বিকেলে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে ‘মেসার্স রুহুল ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানটির মালিক রুহুল আমিন বাবুকে এই জরিমানা করা হয়। অধিদপ্তরের গাইবান্ধা জেলার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এই জরিমানা করেন।

অভিযোগ অনুযায়ী, গত ১ এপ্রিল শহরের জেলা স্টেডিয়াম-সংলগ্ন ওই প্রতিষ্ঠান থেকে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে (১৮৫০ টাকায়) কিনেছিলেন সংবাদকর্মী রওশন হাবিব। পরে তিনি এ বিষয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে রোববার আয়োজিত শুনানিতে উভয় পক্ষের বক্তব্য ও প্রমাণাদি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ জরিমানা আরোপ করা হয়।

সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। সিলিন্ডারের দাম বেশি নেওয়ায় মেসার্স রুহুল ট্রেডার্সের স্বত্বাধিকারী রুহুল আমিন বাবুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তবে শুনানির রায়ে অসন্তোষ প্রকাশ করেন অভিযোগকারী রওশন হাবিব। তিনি দাবি করেন, অভিযুক্ত প্রতিষ্ঠান যে কাগজপত্র উপস্থাপন করেছে, তা মূল নয় বরং কৃত্রিমভাবে তৈরি। তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর কর্তৃপক্ষের কাছে আপিল করার কথাও জানিয়েছেন।

Related Articles

Back to top button