খালেদা জিয়ার সংবিধান ছুঁড়ে ফেলার কথা ছিলো রাজনৈতিক রুপক অর্থে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্য বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খালেদা জিয়ার সংবিধান ছুড়ে ফেলার কথা ছিল একটা ম্যাটাফর, রাজনৈতিক রূপক। উনি সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে উদ্দেশ্য করেই ছুঁড়ে ফেলে দেওয়া হবে বলেছিলেন। ছুঁড়ে ফেলে তো দিয়েছিই। পঞ্চদশ সংশোধনী আনকনস্টিটিউশনাল ডেকলার হয়েছে। 

গতকাল রোববার (৫ এপ্রিল) সংসদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে বিএনপি কথা বলেছে জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি হতে পারবে না। তিনি জানতেন, বেগম খালেদা জিয়া বা তাকে মানুষ প্রধানমন্ত্রী বানাবেন। তারপরও তার নির্দেশনায় আমরা প্রস্তাবনা দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তে বিরোধীদল কি প্রশংসা করবে না, টেবিল চাপড়ে সমর্থন দেবে না, প্রশ্ন রাখেন সালাহউদ্দিন আহমদ।

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সংস্কার চায়, ৭১ এবং ২৪কে বরাবর করে চায়। ৭১ এর সঙ্গে কিছুরই তুলনা চলে না। ৭১ এর সংবিধান কেন ভালো লাগে না, আমরা বুঝিতো। সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয়গাঁথা। কারো কারো কাছে, পরাজয়ের গ্লানি। আমি সেই পথে যাবো না।

জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণ করতে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ জানিয়ে তিনি আরও বলেন, চলুন, কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই পথ বের করি। বিরোধীদলীয় নেতা মিলেমিশে কাজ করার কথা বলেছেন। ওয়েলকাম জানাই।

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সমঝোতা হওয়ার পরও মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সনদে লেখা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন, আমরা এটি চাই। বিরোধীদল চায় কিনা, জিজ্ঞেস করেন।

Related Articles

Back to top button