৫ আগস্টের পর বন্ধ হওয়া সব শিল্প-কারখানা পুনরায় চালু হবে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া দেশের সব শিল্প-কারখানা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবেলায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে।

গতকাল শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এআইআইবির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। 

বৈঠক প্রসঙ্গে তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতিতেও চাপ সৃষ্টি করেছে। এ পরিস্থিতি মোকাবেলায় উন্নয়ন বাজেটে সহায়তার আশ্বাস দিয়েছে এআইআইবি। পাশাপাশি দেশে চলমান পরিবেশবান্ধব প্রকল্পগুলোতেও আর্থিক সহযোগিতা করবে সংস্থাটি।

এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, বৈঠকে ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

মন্ত্রী বলেন, চলমান ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন, যাতে বিমানবন্দরের জটিলতা ছাড়াই বিদেশিরা সহজে বাংলাদেশে আসতে পারেন।

এছাড়া ব্যাংকঋণের সুদহার কমানো, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার এবং করের আওতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ব্যবসায়ীরা। মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজ করা এবং বাণিজ্যের গতি বাড়াতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বানও জানানো হয় বৈঠকে।

Related Articles

Check Also
Close
Back to top button