তৃতীয় সপ্তাহে এগিয়ে রাক্ষস, পিছিয়ে গেলো দম

অনলাইন ডেস্ক: ঈদে সীমিত শো নিয়ে যাত্রা শুরু করলেও তৃতীয় সপ্তাহে এসে মাল্টিপ্লেক্স দখলে নিয়েছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। দর্শক চাহিদা ও শোয়ের সংখ্যায় এখন ছবিটি ছাড়িয়ে গেছে আফরান নিশোর ‘দম’-কে।

ঈদের দিন মাত্র ১৪টি শো দিয়ে যাত্রা শুরু করে ‘রাক্ষস’। তবে দর্শক চাহিদা বাড়তে থাকায় দুই দিনের মধ্যেই শো সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০-এর বেশি। শুরুতে মাল্টিপ্লেক্সে শো সংখ্যায় এগিয়ে ছিল ‘দম’, এরপর ‘বনলতা এক্সপ্রেস’। তবে সময়ের সঙ্গে সঙ্গে চিত্র পাল্টে যায়।

দ্বিতীয় সপ্তাহে ‘বনলতা এক্সপ্রেস’ এগিয়ে গেলেও তৃতীয় সপ্তাহে এসে প্রতিযোগিতায় নতুন মোড় নেয়। এ সময় শো সংখ্যার দিক থেকে ‘দম’-কে পেছনে ফেলে এগিয়ে যায় মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’।

স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে ৩ ও ৪ এপ্রিল ‘রাক্ষস’-এর প্রতিদিন ১১টি করে শো চলছে। লায়ন সিনেমাসে ৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ৪টি, যমুনা ব্লকবাস্টারে ৩টি, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ ও গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে প্রতিদিন ৩টি করে শো চলছে। সব মিলিয়ে চলতি সপ্তাহে মাল্টিপ্লেক্সে ‘রাক্ষস’-এর দৈনিক শো সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৫টি।

অন্যদিকে একই সময়ে স্টার সিনেপ্লেক্সে ‘দম’-এর শো রয়েছে ১৪টি করে। লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টার মিলিয়ে দৈনিক মোট শো দাঁড়িয়েছে প্রায় ২০টি।

এদিকে ৩ এপ্রিল থেকে সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পেয়েছে ‘রাক্ষস’। প্রথম ধাপে দেশের বিভাগীয় ও জেলা শহরের প্রায় ২০–৩০টি হলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। কুলিয়ারচর, যশোর, বগুড়া, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকার হলে চলছে ছবিটি।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, আগামী সপ্তাহে হলের সংখ্যা আরও বাড়তে পারে। সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি জানান, দর্শক চাহিদা বিবেচনায় হল সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে।

‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ হিসেবে নির্মিত ‘রাক্ষস’-এ সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। আরও রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, শুরুতে শো কম থাকায় অনেক দর্শক সিনেমাটি দেখতে পারেননি। তবে ধীরে ধীরে দর্শক সাড়া বেড়েছে এবং তৃতীয় সপ্তাহেও সিনেমাটি প্রায় হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনেও ছবিটি ভালো সাড়া পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Related Articles

Back to top button