ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: সিলেট জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ দশা ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, গত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে।
গতকাল বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকে ক্রীড়া খাতে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। এর ফলেই স্টেডিয়ামের বর্তমান নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি জানান, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামসহ দেশের প্রতিটি জেলায় একযোগে ‘নতুন ক্রীড়া কর্মসূচি’ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্টের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এতে দেশের বিভিন্ন উপজেলার দল এবং ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নেবে।
তিনি আরও জানান, জাতীয় ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনা হয়েছে এবং ধাপে ধাপে আরও প্রায় ৫০০ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হবে। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে মনাতব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।



