গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে, নিহত ১

অনলাইন ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় তরমুজবাহী ট্রাক-যাত্রীবাহী অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো. রিয়াজ হাওলাদার (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় আমখোলা-শাখারিয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজীকান্দা এলাকার কালা মিয়া হাওলাদারের ছেলে। ঘাতক ট্রাকটির চালক ও সহকারি পলাতক রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা লঞ্চঘাটের কাছে আমখোলা-শাখারিয়া সড়কে তরমুজবাহী একটি ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশা যাত্রী রিয়াজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




