ডিআইজি আবদুল জলিলের পরিকল্পনায় হয়েছিলো শাপলা চত্বর হত্যাকাণ্ড: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক: ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় হত্যা ও নির্যাতনের পেছনে পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলের পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাগুলোতে এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে আরও কেউ নিহত হয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।
এর আগে একই দিন সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত।
জানা যায়, গত বছরের ১৪ মে এই মামলায় আবদুল জলিল মন্ডলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। অবশেষে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর বিচার কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।
ডিআইজি জলিলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “তার সার্বিক পরিকল্পনায়ই ঘটনাগুলো ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।”
শাপলা চত্বরের ঘটনায় নিহতদের একটি তালিকা প্রায় প্রস্তুত বলেও জানান তিনি। আগামী ৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত রয়েছে।




