ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্বিতণ্ডা, বিক্রয়কর্মীদের মারধরে তরুণ নিহত

অনলাইন ডেস্ক: ঝিনাইদহে জ্বালানি তেল নিতে গিয়ে মারধরের শিকার হয়ে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত নিরব আহমেদ (২২) ঝিনাইদহর কালীগঞ্জ উপজেলার বারোবার এলাকার বাসিন্দা ছিলেন।
জানা গেছে, তিনি জ্বালানি তেল নিতে গিয়ে মারধরের শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে তার মৃত্যু হয়।
নিহত নিরব আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিরব আহমেদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে তেল নিতে একটি ফিলিং স্টেশনে যান। কিন্তু সেখানে দায়িত্বরত বিক্রয়কর্মীরা তাকে তেল দিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ পর তিনি দেখতে পান, স্টেশনের কর্মীরা বোতলে করে তেল ভরছেন। বিষয়টি দেখে তিনি জানতে চান, বোতলে তেল দেওয়া হচ্ছে কেন এবং তাকে কেন তেল দেওয়া হয়নি। এ নিয়ে বিক্রয়কর্মীদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মী বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তার বন্ধুরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ঝিনাইদহ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সব্যসাচী পাল সুমন বলেন, মুমূর্ষু অবস্থায় নিরব নামের এক রোগীকে হাসপাতালে আনা হয়। তার কাঁধ ও মাথার পেছনে ফোলা জখম ছিল। রাত ৯টা ৫ মিনিটে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, তাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নিতে গেলে সেখানকার বিক্রয়কর্মীদের সঙ্গে নিরবের হট্টগোল বাধে। একপর্যায়ে বিক্রয়কর্মীরা তাকে পিটিয়ে আহত করেন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
তিনি জানান, তাজ ফিলিং স্টেশনের তিন বিক্রয়কর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান বলেন, আন্দোলনের সময় নিরব প্রথম সারিতে সক্রিয় ছিলেন। তিনি শহরের আদর্শপাড়ার বকুলতলা এলাকার একটি মেসে থাকতেন।




