বিয়ের খুশিতে দেশজুড়ে মিষ্টি খাওয়াবেন বিজয়-রাশমিকা

অনলাইন ডেস্ক: দক্ষিণী তারকা যুগল বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা সদ্যই বিয়ে করে সুখী দাম্পত্য জীবন শুরু করেছেন। আট বছরের প্রেমের সম্পর্কের পর ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে এক জমকালো অনুষ্ঠানেও গাঁটছড়া বাঁধেন তারা।
এবার এই তারকা দম্পতি বিয়ের আনন্দ উদযাপনের অংশ হিসেবে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষদের মাঝে মিষ্টি ও খাবার বিলিয়ে দিতে চান। রোববার (২ মার্চ) এই আয়োজনের অংশ হিসেবে ভারতের বিভিন্ন রাজ্যের মন্দিরগুলোতে ট্রাকভর্তি মিষ্টি পাঠানো হয়।
এক ভিডিওতে দেখা যায়, বিজয় ও রাশমিকা নিজ হাতে ভক্তদের মাঝে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন। যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, দীর্ঘ পথচলায় যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই আয়োজন। ভারতীয় ঐতিহ্য মেনে শুভ কাজ হিসেবে মিষ্টিমুখ করার রীতি মেনেই তারা বিভিন্ন রাজ্যের মন্দিরে সুস্বাদু খাবার ও মিষ্টি পাঠিয়েছেন।
একই সঙ্গে তারা বিশেষ ‘অন্নদান’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে খাবার পরিবেশন করার উদ্যোগ নেন। তালিকায় তেলেঙ্গানা, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং কেরালাসহ ভারতের প্রায় ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত ছিল।
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় রীতি তথা তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে বিয়ে করা হয়। সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশিত হওয়ার পর ভক্তদের শুভেচ্ছা ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাদের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




