পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী

অনলাইন ডেস্ক: রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী পদত্যাগ করেছেন।
গতকাল সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
ব্যক্তিগত কারণেই মুসলিম চৌধুরী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। তবে ব্যাংকের প্রধান কার্যালয়ের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গত মাসে জাতীয় নির্বাচনের পর জিয়া পরিষদের ব্যানারে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে বিভিন্ন ধরনের চাপ দেওয়া হচ্ছিল। তাদের সমর্থিত ব্যক্তিদের প্রধান কার্যালয়সহ ঢাকার বিভিন্ন শাখায় বদলি করার দাবি ছিল এর মধ্যে অন্যতম। দিন দিন চাপ বাড়ছিল বলে তারা দাবি করেন। এই কারণে চেয়ারম্যান পদত্যাগ করতে পারেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগদান করেন তিনি। কর্মজীবনে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।




