গর্তে ইট দিয়ে ঢেকে রাখা হয়েছিল টিসিবির ১৪৪৪ লিটার তেল

অনলাইন ডেস্ক: জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে টিসিবির ১ হাজার ৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। একটি গর্তে বিশেষ কায়দায় ইট দিয়ে এসব তেল ঢেকে রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
গতকাল রোববার (১ মার্চ) বিকেলে র্যাব-১৪ ও ভোক্তা অধিকার অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে আটক করা হয়।
ভোক্তা অধিকার ও র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘নূর রাইস মিলের’ পরিত্যক্ত গোডাউনে যৌথভাবে অভিযান পরিচালনা করে তারা। এসময় ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল (প্রতি বোতলে ২ লিটার করে) ভোজ্য তেল জব্দ করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে র্যাব। পুরো ঘটনাটি তদন্ত চলছে।
র্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করেছি। প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলা হয়েছে। বোতলের মুখের দিকে প্লাস্টিক তুলে ফেলা হয়েছে। তবুও কয়েকটি বোতলে এসব মোড়ক আছে। আরেও অনেক বোতল বিক্রি করে ফেলা হয়েছে। আমরা এই বিষয়ে আইনি ব্যবস্থা নিচ্ছি।’
জামালপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, এই ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আর তদন্তের স্বার্থে আমরা অনেক কিছু বলতে পারছি না। এই বিষয়ে মামলা দায়ের করা হবে।




