ব্রুকের ইতিহাস গড়ার দিনে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক: হ্যারি ব্রুকের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। পাল্লেকেলেতে অনুষ্ঠিত সুপার এইটের এই ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শতক হাঁকানোর রেকর্ড গড়লেন ব্রুক।

গতকাল মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। তবে তার এই সিদ্ধান্ত ব্যাটাররা সফল করতে পারেননি। ওপেনার সাহিবজাদা ফারহানের ৪৫ বলে ৬৩ রানের লড়াকু ইনিংসের ওপর ভর করে ৯ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন বাবর আজম। বাবর তার ২৪ বলের মন্থর ইনিংসে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েছেন—বিশ্বকাপে ৫০০ রান করা ব্যাটারদের মধ্যে এখন তার স্ট্রাইক রেট (১১১.৮) সবচেয়ে কম।

পাকিস্তানের ইনিংস বড় হতে না দেওয়ার মূল কৃতিত্ব ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার লিয়াম ডসনের। তিনি ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া জফরা আর্চার ৩২ রানে নেন ২ উইকেট।

১৬৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড শুরুতেই বিপাকে পড়ে। দলীয় ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে বসার পর ইনিংস মেরামত করেন অধিনায়ক ব্রুক ও উইল জ্যাকস। তাদের ৩১ বলে ৫২ রানের জুটিতে জয়ের পথ প্রশস্ত হয়। ব্রুক ১০০ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হওয়ার সময় ইংল্যান্ডের জয় ছিল সময়ের ব্যাপার। শেষ ওভারে জফরা আর্চারের চারে ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ডের ইনিংসের বিশেষত্ব ছিল ব্রুকের একক আধিপত্য। দলের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন, যার মধ্যে ব্রুকের সেঞ্চুরিই ছিল নির্ধারক। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ৩০ রানে ৪ উইকেট নিলেও তা দলের পরাজয় রুখতে যথেষ্ট ছিল না।

Related Articles

Back to top button