ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও জামায়াতের প্রার্থীকে জরিমানা

অনলাইন ডেস্ক: নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমিনুল ইসলামকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন। প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার জানান, বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আচরণবিধি ভঙ্গ করে তোরণ নির্মাণ করেন। এছাড়া জামায়াতের প্রার্থী রঙিন ব্যানার এবং বিএনপি প্রার্থী রঙিন ফেস্টুন ব্যবহার করেন। একই সঙ্গে জামায়াতের প্রার্থী তার নির্বাচনী প্রতীক নির্ধারিত আকারের চেয়ে বড় করে প্রদর্শন করেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ৩০ হাজার টাকা এবং বিএনপি প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রঙিন ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণ করা হয়।




