ক্ষমা চাইবেন না ট্রাম্প 

অনলাইন ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। ভিডিওটি ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলে সেটি সরিয়ে নেয় হোয়াইট হাউস। তবে এই ভিডিও নিয়ে ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার (৭ ফেব্রুয়ারি) সিএনএনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গত বৃহস্পতিবার পোস্ট করা ওই ভিডিও অনলাইনে অন্তত ১২ ঘণ্টা ছিল। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, আমাদের নজরে এই ভিডিও আসা মাত্র আমরা তা সরিয়ে ফেলেছি। এই ভিডিও-এর প্রথম অংশের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি ভিডিওটির শুরুর অংশ দেখেছি। এটা চমৎকার ছিল।  

সিএনএন জানিয়েছে, ভিডিও-র প্রথম অংশে ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির কথা উল্লেখ ছিল। 

বিবিসি বলছে, ভিডিওটি সরানোর আগে এর পক্ষে অবস্থান নিয়েছিল হোয়াইট হাউস। ভিডিওটি প্রকাশ হওয়ার পর ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কিছু সদস্যও এর সমালোচনা করেছেন।   

সমালোচকরা জানান, ভিডিওটিতে আফ্রিকান বংশোদ্ভূত মানুষের মানবিক মর্যাদা খর্ব করা হয়েছে। তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, ভুলবশত হোয়াইট হাউসের একজন কর্মী পোস্টটি করেছেন। এটি সরিয়ে নেওয়া হয়েছে। 

প্রকাশিত ভিডিওতে মিথ্যা দাবি করা হয় যে জালিয়াতির কারণে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হেরেছিলেন। ভিডিওটির শেষ অংশে একটি ছোট বানরের নৃত্যসংবলিত ক্লিপ দেখানো হয়, যেখানে ওবামার মুখ বসানো ছিল। 

Related Articles

Back to top button