গাজীপুর-২ আসন
এনসিপির প্রার্থীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি প্রার্থী বললেন, ‘ভাইরাল হওয়ার চেষ্টা’

অনলাইন ডেস্ক: গাজীপুর-২ (জেলা শহর ও টঙ্গী) আসনে ১১–দলীয় জোটের প্রার্থী আলী নাছের খানের বিরুদ্ধে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। একই ঘটনায় এনসিপির গাজীপুর জেলার সদস্যসচিব আল আমিন আহত হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) সকালে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত এই অভিযোগ জমা দেন।
গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে। এরই মধ্যে এনসিপির প্রার্থী আলী নাছের খানের নিরাপত্তার জন্য গানম্যান ও পুলিশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও নিরাপত্তাকর্মী দেওয়া হবে।”
রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে বলা হয়, গতকাল সন্ধ্যা পৌনে সাতটায় জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের শাপলা কলি মার্কার সমর্থনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় মূল সড়কে পৌঁছালে ধানের শীষের প্রার্থীর প্রচারণার মাইক বহনকারী একটি অটোরিকশা শোভাযাত্রার গতিরোধ করে এবং উচ্চস্বরে মাইক বাজাতে থাকে।
অভিযোগে বলা হয়, শোভাযাত্রার নেতাকর্মীরা অটোরিকশাটি সরিয়ে নিতে অনুরোধ করলেও তারা কর্ণপাত না করে উসকানিমূলক আচরণ করতে থাকে। একপর্যায়ে ধানের শীষের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কার ব্যবহার করে দুই ব্যক্তি গাড়িচাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম বলেন, “জনপ্রিয়তা না থাকায় ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই এসব মিথ্যা অভিযোগ করেছেন এনসিপির প্রার্থী। আমি একটি কর্মসূচি শেষ করে পোড়াবাড়ি বাজারের পথ ধরে ফিরছিলাম। তখন আমার সঙ্গে থাকা কয়েকজন পোড়াবাড়ি বাজারে রাস্তার পাশে নামাজ পড়েন। তাদের গাড়ির পেছনে না পেয়ে ফোন করলে তারা জানান, নামাজ শেষে বের হলে এনসিপির প্রার্থী আলী নাছের খান তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এখানে হুমকি বা গাড়িচাপার কোনো ঘটনা ঘটেনি।”




