ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল-২’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

গতকাল সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন ছেড়ে অল্প দূর অগ্রসর হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বগিটি উদ্ধার করা সম্ভব না হওয়ায় আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে এই রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছে সামনে অগ্রসর হওয়ার সংকেত পায়। জংশন থেকে প্রায় ১৫০ মিটার যাওয়ার পর ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা সম্ভব না হলেও পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে।

Related Articles

Back to top button