প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী

অনলাইন ডেস্ক: কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি আজ বুধবার (২১ জানুয়ারি) হাইকোর্টে অনুষ্ঠিত হবে। এ শুনানির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মঞ্জুরুল আহসান মুন্সী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

রিটের শুনানিতে অংশ নিতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী বুধবার হাইকোর্টে উপস্থিত হন। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্ট কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশনের ১৭ জানুয়ারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। রিটে ইসির ওই সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে। উল্লেখ্য, ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আপিলে তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

পরবর্তীতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত শুনানি শেষে হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন এবং মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button