বরিশাল-৫

ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের আসনে প্রার্থী দেবে না জামায়াত
অনলাইন ডেস্ক: বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনে তাকে সমর্থন জানিয়ে দলীয় প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
গতকাল রোববার (১৮ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, “যদিও ইসলামী আন্দোলন আমাদের নির্বাচনী জোটে নেই, তবে তাদের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম যে আসনে নির্বাচন করবেন, তার সম্মানে আমরা ওই আসনে কোনো দলীয় প্রার্থী দেব না।”
তিনি আরও জানান, বরিশাল-৫ আসনে জামায়াতের যে প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি তা প্রত্যাহার করে নেবেন।
উল্লেখ্য, এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।




