ব্যালটে সিল দিয়ে সরকার গঠন পুলিশ বা প্রশাসনের কাজ নয়: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক: ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা পুলিশ বা প্রশাসনের কাজ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, প্রশাসনের মূল দায়িত্ব হচ্ছে জনগণ যেন নির্ভয়ে নিজের ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
পুলিশ ও প্রশাসনের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। জনগণ আপনাদের মাথায় তুলে রাখবে। আর না হলে বেনজির ও হারুনের পরিণতি বরণ করতে হবে।” তিনি অভিযোগ করে বলেন, “যেসব আমলা আমাদের ভাইদের হত্যাযোগ্য করে তুলেছে, যাদের আগুন সন্ত্রাসী হিসেবে মিডিয়ায় প্রচার করা হয়েছে, আজ দেখা যাচ্ছে অনেকেই তাদের বুকে টেনে নিচ্ছে।”
হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে দেশ দুই ভাগে বিভক্ত—একটি পক্ষ গোলামি চায়, আরেকটি পক্ষ চায় আজাদী। “একটি পক্ষ ভারতের তাবেদারি চায়, আরেকটি পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। আমরা চাই, বাংলাদেশ কে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে—তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “হাসিনাকে এজেন্ট হিসেবে নিয়োগ করার মাধ্যমে বাংলাদেশকে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে একটি সাব-কন্টিনেন্ট, এক ধরনের কলোনিয়াল স্টেট হিসেবে পরিচালনা করা হয়েছে। আমরা চাই না বাংলাদেশ আবার অতীতে ফিরে যাক।”




