ঘরের মাঠে সিরিজ হারায় অধিনায়ককে শাস্তি দিচ্ছে ভারত

অনলাইন ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। ঘরের মাঠে কিউইদের কাছে এটাই প্রথম ওয়ানডে সিরিজ হার রোহিত-কোহলিদের। দলের এমন বাজে পারফরম্যান্সের পর শাস্তি পেতে হচ্ছে অধিনায়ককে। ঘরোয়া ক্রিকেটে খেলতে অধিনায়ক শুভমান গিল ও রবীন্দ্র জাদেজাকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না হলে গিল ও জাদেজার রঞ্জি ট্রফিতে খেলা নিশ্চিত। ২২ জানুয়ারি থেকে পাঞ্জাবের বিপক্ষে সৌরাষ্ট্রের খেলা। অর্থাৎ, একে অপরের বিপক্ষে খেলতে হবে গিল ও জাদেজাকে।
চলতি মৌসুমে রঞ্জির একটি ম্যাচও খেলেননি গিল। গত মৌসুমে কর্নাটকের বিপক্ষে শেষবার ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলেছিলেন তিনি। জাদেজা এই মৌসুমে সৌরাষ্ট্রের হয়ে একটি ম্যাচই খেলেছেন। আপাতত দুই জনেরই দেশের হয়ে খেলা নেই।
টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন জাদেজা। গিল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই। ফলে রঞ্জির গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচ খেলার সুযোগ রয়েছে তাদের।
অধিনায়ক হওয়ার পর থেকে গিলকে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে। দুই বার বড় চোট পেয়েছেন তিনি। তার প্রভাব তার খেলায় পড়েছে। পাশাপাশি অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। অন্য দিকে জাদেজা নিউজল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে মাত্র ৪৩ রান করেছেন। একটিও উইকেট পাননি।




