দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আবারও প্রমাণিত হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক: দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সাম্প্রতিক উপনির্বাচন সেই বাস্তবতাই আবারও প্রমাণ করেছে।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনঃনির্বাচনের দাবি জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট প্রদান এবং বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব অভিযোগ তুলে তিনি বলেন, “আমরা এই নির্বাচন বর্জন করছি। নতুন করে এই দুই আসনে নির্বাচন দিতে হবে।”

তিনি আরও বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটি আবারও প্রমাণিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকারের অধীনে নির্বাচন অতীতের তুলনায় আরও খারাপ হয়েছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্বিচারিতা করছে এবং তা না হলে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পারবে না।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম ও দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নানসহ অন্য নেতারা।

Related Articles

Back to top button