‘সম্পর্কে থাকার সময় ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল’

অনলাইন ডেস্ক: দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন জানিয়েছেন, জীবনের একটি সম্পর্কে টানা প্রায় দুই বছর মানসিক ও শারীরিকভাবে কঠিন সময় পার করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেই অধ্যায় থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেওয়ার পর এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী।

‘আই অ্যাম উইথ ধন্য ভার্মা’ অনুষ্ঠানে অনুপমা জানান, ওই সম্পর্কের সময় তিনি ধীরে ধীরে নিজের স্বাভাবিক জীবন ও আত্মপরিচয় হারিয়ে ফেলছিলেন। তবে কার সঙ্গে সম্পর্কে ছিলেন, তার নাম প্রকাশ করেননি তিনি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সম্পর্কটিতে কোনো স্থিরতা ছিল না। কখনো বিচ্ছেদের কথা উঠত, আবার দুদিন পরই সব ঠিক করার চেষ্টা চলত। সম্পর্কের এই টানাপোড়েনের প্রভাব পড়তে শুরু করে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে।

অনুপমা জানান, সে সময় তার প্যানিক অ্যাটাক, উদ্বেগ, ব্ল্যাকআউট, ওজন কমে যাওয়া এবং বমির মতো নানা সমস্যা দেখা দেয়। এমনকি তার ডান চোখ অনবরত কাঁপতে থাকায় শুটিংও বন্ধ রাখতে হয়েছিল।

তিনি বলেন, কোনো কোনো কথোপকথনের পর এতটাই অসুস্থ হয়ে পড়তেন যে বমি করে ফেলতেন এবং খাবার খেতে পারতেন না। অনেকটা ওজন কমে গিয়েছিল তার। রাতে ঘণ্টার পর ঘণ্টা কাঁদার পরও সকালে উঠে শুটিংয়ে যেতে হতো।

শারীরিক সমস্যার মধ্যে তার চোখের অশ্রুগ্রন্থিও ফুলে গিয়েছিল। পরবর্তী সময়ে এ কারণে তাকে অস্ত্রোপচার করাতে হয় বলে জানান অভিনেত্রী।

সম্পর্কটি থেকে এত সহজে বেরিয়ে আসতে না পারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনুপমা বলেন, বাইরে থেকে বিষয়টি যতটা সহজ মনে হয়, বাস্তবে তা নয়। তার কাছে পুরো সম্পর্কটি ধীরে ধীরে মাকড়সার জালের মতো হয়ে উঠেছিল।

তিনি জানান, একপর্যায়ে তাকেই বিভিন্ন সমস্যার জন্য দায়ী করা হতো। পরিস্থিতি যেন একটি নির্দিষ্ট ছকের মধ্যেই চলছিল। পরে তিনি ওই ব্যক্তিকে স্পষ্ট করে জানান, এই সম্পর্ক তার মানসিক শান্তি নষ্ট করছে এবং এভাবে আর সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব নয়।

এরপর ধীরে ধীরে ওই ব্যক্তির কথাবার্তার অসংগতি ও মিথ্যাগুলো তার কাছে স্পষ্ট হতে থাকে। অনুপমা প্রশ্ন করতে শুরু করলে এবং বিষয়গুলো নিয়ে সরাসরি মুখোমুখি হলে উল্টো তাকেই সমস্যার কারণ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি।

সম্পর্কের শেষ পর্যায়ে এমন একটি ঘটনা ঘটে, যার পর পরিস্থিতির বাস্তবতা তার কাছে পরিষ্কার হয়ে যায় বলে জানান অনুপমা। এতে দুই পরিবারের সদস্যরাও জড়িয়ে পড়েছিলেন।

অভিনেত্রীর ভাষ্য, ওই ঘটনার পর এতদিনের সম্পর্ক যেন মুহূর্তেই অন্যরকম হয়ে যায়। তিনি আরও জানান, ওই ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য একপর্যায়ে তাকে কঠোর হতে হয়েছিল। কারণ, তার দাবি, ওই ব্যক্তি নিজের কোনো কর্মকাণ্ডের দায় স্বীকার করতে চাইতেন না।

শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুপমা। তিনি বলেন, শেষ ১০ সেকেন্ডে ওই ব্যক্তির দিকে তাকিয়ে তার মনে হয়েছিল, এতদিনের ‘মুখোশ’ যেন খুলে গেছে এবং তিনি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষকে দেখতে পাচ্ছেন।

২০২৫ সালের শুরুতে অনুপমা পরমেশ্বরন ও অভিনেতা ধ্রুব বিক্রমকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের চুম্বনের একটি অযাচাইকৃত ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

তবে অনুপমা তার সাম্প্রতিক সাক্ষাৎকারে ওই সম্পর্কের সঙ্গে কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি। ফলে তার বক্তব্যের সঙ্গে ধ্রুব বিক্রমকে ঘিরে পুরোনো গুঞ্জনের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।

Related Articles

Back to top button